৭ দিন অনাহারে রাস্তায় পড়ে ছিলেন নারী
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৪৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৪৬
তিনি কথা বলেন কিন্তু পরিচয় দেন না। কারও দেওয়া খাবারও নেন না। কাছে গেলে তাড়িয়ে দেন। গত সাত দিন নড়াইলের কালিয়ার পেড়লী মহসিনের মোড় বাজারের একটি বন্ধ দোকানের সামনে অনাহারে পড়ে ছিলেন ওই নারী।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গ্রাম পুলিশ ও বাজারের এক ব্যবসায়ী ওই নারীকে (৪০) উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ওই নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তাঁর প্রতি অনেকেই সহানুভূতি জানিয়েছেন। তবে তাঁর স্বজনের সন্ধান মেলেনি।
বাজারের ব্যবসায়ী আলবাব শেখ জানান, এক সপ্তাহ আগে বিকেলের দিকে তিনি ওই নারীকে রুফাজ ভূঁইয়ার বন্ধ দোকানের সামনে বসে থাকতে দেখেন। সন্ধ্যার পরও তাঁকে একই স্থানে দেখেন। পরে তিনিসহ অনেকেই পরিচয় জানার চেষ্টা করলে ওই নারী তাদের সেখান থেকে তাড়িয়ে দেন। কেউ কেউ খাবার দেওয়ার চেষ্টা করলেও তিনি তা নেননি। এর পরদিন সকালে বাজারে গিয়ে ওই নারীকে সেখানে শুয়ে থাকতে দেখেন। সাত দিন তিনি অনাহারে কাটিয়েছেন।
আলবাব শেখ আরও বলেন, তাঁর স্বজনের দৃষ্টি আকর্ষণ করতে অনেকেই ছবি তুলে ফেসবুকে দিয়েছেন।
গ্রাম পুলিশ মো. রাসেল শেখ জানান, চেয়ারম্যানের ফোন পেয়ে রাতেই তিনি আলবাব শেখসহ অন্যদের সহযোগিতায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করেছেন।
কালিয়া হাসপাতালের চিকিৎসক মো. তাজ মল্লিক বলেন, দীর্ঘ অনাহারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা জানান, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। ওই নারীর চিকিৎসার ব্যবস্থা নেবেন।