নড়াইলে ৪ দিনের সুলতান উৎসব শুরু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৪:৩৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৪:৩৭
নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ আয়োজন করা হয়েছে।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজিত এ উৎসব বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক এবং এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরে তিনি দেশি-বিদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনাদী বৈরাগী প্রমুখ।
চার দিনব্যাপী এ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে– দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০০ স্টলে হস্তশিল্প, কুটির শিল্প, মনিহারিসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে। শিশুদের জন্য রয়েছে খেলনা ট্রেন, গাড়ি ও নাগরদোলা।