সরকার উন্নয়নে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
ছবি: সমকাল
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ১৭:৫৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন বলেছেন, ‘বর্তমান সরকার উন্নয়নে বদ্ধপরিকর। জুড়ীর নদীর তীরে বৃক্ষরোপণ এবং ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে যে সৌন্দর্য বৃদ্ধি পাবে, তা দেখতে উপজেলার বাইরের মানুষও এখানে আসবে।’
শুক্রবার জুড়ী নদীর তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, নদীর তীরে বৃক্ষরোপণ ও নদীকে দূষণমুক্ত রাখতে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মন্ত্রী।
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ও পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনা নির্মাণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক মিয়া, সহসভাপতি আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ প্রকল্পের জন্য সরকার এরই মধ্যে পরিকল্পনা নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ের আগেই টেন্ডারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ দেওয়া হবে।
