ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়কের পাশ দখল করে বালুর স্তূপ

সড়কের পাশ দখল করে বালুর স্তূপ
×

বানিয়াচং-হবিগঞ্জ মহাসড়কের শুঁটকি নামক এলাকায় বালুর স্তূপ -সমকাল

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৯:২৫

বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা বেদখল করে বালুর স্তূপ রেখে ব্যবসা চালাচ্ছে অসাধু বালু ব্যবসায়ীরা। এতে করে সড়কে চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

বালুর স্তূপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় এখানে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রকাশ্যে এমন সড়ক বেদখল করে বালুর অবৈধ ব্যবসা চললেও স্থানীয় প্রশাসন নীরব। বানিয়াচং-হবিগঞ্জ মহাসড়কের শুঁটকি ব্রিজের দক্ষিণ অংশে গিয়ে দেখা যায়, প্রায় ১২টি বালুর স্তূপ রাখা হয়েছে সেখানে। অন্যদিকে রত্না ব্রিজ যাওয়ার আগে আরও কয়েকটি জায়গায় বালু স্তূপ করে রাখা হয়েছে। যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা না করায় এসব বালু হালকা বাতাসে উড়ে পথচারীদের চোখেমুখে যাচ্ছে। মূল সড়কের ওপর বালু পড়ে সেগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। দ্রুত এই সড়ক থেকে অবৈধ বালুর স্তূপ সরানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। ইউএনও মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে সড়কের সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে সড়ক দখল করে বালু স্তূপ করে রাখার সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×