ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এ. কে. আজাদের

ফরিদপুরে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এ. কে. আজাদের
×

শহরের কবি জসীম উদ্‌দীন হলে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৫:১৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১৫:১৭

ফরিদপুর পৌরসভা ও সদরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শনিবার পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ। এ উপলক্ষে বিকেলে শহরের কবি জসীম উদ্‌দীন হলে সভা হয়।

এতে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকারে থাকলেই এ সম্প্রীতি বজায় থাকে। হাজার বছরের এ সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে আগামীতেও নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

সভায় হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। সব ধর্মই মানবতার কথা বলে। প্রত্যেকে নিজ ধর্মের ভালো দিকগুলো বেশি বেশি চর্চা, দল-মত-নির্বিশেষে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ ও পৌর আহ্বায়ক মনিরুল হাসান মিঠু।

পরে এ. কে. আজাদের পক্ষ থেকে পৌর এলাকার ৯৪টি, ডিক্রিরচর ইউনিয়নের একটি এবং নর্থচ্যানেল ইউনিয়নের চারটি মণ্ডপে অনুদান দেওয়া হয়। এর আগে সকালে সদরের মাচ্চর ইউনিয়নের চণ্ডীপুর কীর্তনখোলা সার্বজনীন দুর্গা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন এ. কে. আজাদ। সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় ১৬টি মন্দিরে অনুদান দেওয়া হয়।

এরপর ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাটে সার্বজনীন দুর্গামণ্ডপে গিয়ে মতবিনিময় ও ১৪টি মন্দিরে অনুদান দেন এ. কে. আজাদ। এ ছাড়া সন্ধ্যায় কানাইপুর ইউনিয়নের সাহাপাড়া মন্দির ও রনকাইল সার্বজনীন মন্দির পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন

×