ইউপি চেয়ারম্যানের বাড়িতে ত্রাণের টিন
সরকারি বরাদ্দের টিন। ছবি: সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১২:৩৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১২:৩৮
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে পাওয়া গেছে সরকারি বরাদ্দের ৬০ পিস ত্রাণের টিন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২১-২২ সালে টিনগুলো বরাদ্দ দেয়। জানা গেছে, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর বাড়িতে থাকা টিনগুলো ওই বরাদ্দের টিন বলে নিশ্চিত হওয়া গেছে। তিন মাস আগে উপজেলা পিআইও থেকে হতদরিদ্র পরিবারের সহায়তার জন্য ৬০ বান্ডিল টিন বরাদ্দ দেওয়া হয়েছিল ওই ইউনিয়নে।
চেয়ারম্যানের ভাষ্য, এখান থেকে তাঁর প্রতিবেশীদের বরাদ্দ পাওয়া টিনগুলো রাতে চুরির ভয়ে তারা তাঁর বাড়িতে রেখে গিয়েছিল। বিষয়টি জানাজানির পর টিনগুলো চেয়ারম্যানের বাড়ি থেকে সরিয়ে ফেলা হয়েছে। বরাদ্দের টিন পাওয়া কয়েকজন জানান, টিন বিতরণের সময়েই প্রতি বান্ডিল থেকে একটি করে টিন রেখে দিয়েছিলেন চেয়ারম্যান।
উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার রেখা রানী, একই এলাকার মিলন দাস ও ফারুক হোসেন জানান, তাদের বরাদ্দ দেওয়া দুই বান্ডিলে ১৬টি টিন থাকার কথা। তবে বিতরণের সময় দুটি করে টিন কমিয়ে ১৪টি করে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান তাঁর বাড়িতে গোয়ালঘর তৈরির জন্য বরাদ্দের টিন রেখে দিয়েছিলেন সুবিধাভোগীদের কাছ থেকে। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে জানাজানি হয়।
চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, যারা বরাদ্দের টিন পেয়েছে তাদের অনেকেই তাঁর বাড়ির আশেপাশের লোকজন। তাদের বাড়িতে রাখার জায়গা না থাকায় ও চুরির ভয়ে টিনগুলো তাঁর হেফাজতে রাখা হয়েছে। সাংবাদিকরা টিন নিয়ে কথা বলার পরপরই তাদের টিন পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পরও কিছু মানুষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা জানান, সরকারি ত্রাণের মাল একজন চেয়ারম্যানের বাড়িতে থাকতে পারে না। বর্তমান চেয়ারম্যানের বাড়িতে সরকারি ত্রাণের টিন থাকা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান জানান, টিনগুলো তারা সঠিক নিয়মেই বিতরণ করেছেন। চেয়ারম্যান পরে কী করেছেন, সেটা একান্তই তাঁর দায়বদ্ধতা।
ইউএনও ইসরাত জাহান জানান, সরকারি টিন চেয়ারম্যানের বাড়িতে থাকার বিষয়টি তিনি শুনেছেন। বিতরণে অনিয়ম হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নজরুল ইসলাম ঋতু ইউনিয়ন পরিষদ পর্যায়ে নির্বাচিত দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান।
- বিষয় :
- ঝিনাইদহ
- ইউপি চেয়ারম্যান
- সরকারি বরাদ্দ
- টিন
