মাইক্রোবাসে করে গরু আনার সময় সীমান্তে আটক ৫
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৩:২১
নীলফামারীর ডিমলায় মাইক্রোবাসে করে ভারতীয় গরু পাচারের সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
আটকেরা হলেন-লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আবেদ আলীর ছেলে মাইক্রোবাস চালক রায়হান আলী (১৮), ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মনছুর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০), রবিউল ইসলাম (৩৫), কালিগঞ্জ গ্রামের তছির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৩২) ও আসমত আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীররাতে উপজেলার বালাপাড়া ঠাকুরগঞ্জ বিজিবি সীমান্তে টহলরত জওয়ানরা একটি মাইক্রোবাস দেখতে পায়। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক হলে টহলরত জওয়ানরা মাইক্রোবাসটিকে জব্দ করে। এসময় মাইক্রোবাসের ভেতরে তিনটি গরুসহ পাঁচজনকে আটক করে তারা।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালাপাড়া সীমান্তের ৫১ বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নাছির উদ্দিন সিকদার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
