শরীয়তপুরে ২ স্পিডবোটের সংঘর্ষে জেলে নিহত, আটক ৪
ছবি: সমকাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৫:১১
শরীয়তপুর জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারকালে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে স্বপন মোল্লা (৩২) নামের এক জেলে নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পালেরচর এলাকার পদ্মানদীতে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মোল্লা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাসেম ফরাজীকান্দি গ্রামের হাকিম মোল্লার ছেলে। ঘটনার পর চার জেলেকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগঞ্জ গ্রামের মৃত তালেব আলী আকনের ছেলে মো. হাবিব আকন (৪২), চন্দ্রাড়ী গ্রামের দুলু মিয়া ফকিরের ছেলে মো. দবির হোসেন ফকির (২৫), ভোলার মনপুরা উপজেলার সোনারচর গ্রামের সামচুদ্দিন মৌলভীর ছেলে মো. আলী আজগর (৩৫) ও সোনারচর গ্রামের মুনাফ খাঁর ছেলে মো. মনির খাঁ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার ভোরে স্পিডবোট নিয়ে পদ্মানদীতে মা ইলিশ ধরতে যায় স্বপন মোল্লা ও তার সহযোগীরা। নদীর জাজিরা উপজেলার পালের চর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্পিডবোটটির সঙ্গে আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বপন মোল্লা গুরুতর আহত হয়ে পদ্মা নদীতে পড়ে যায়। অন্য জেলেরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জাজিরা থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন শেখ বলেন, পদ্মা নদীতে ইলিশ ধরতে এসে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।