কেরাণীগঞ্জে পরিচয়পত্র-মোবাইল ফোন চেক করছে পুলিশ
কদমতলী এলাকায় গাড়ি থামিয়ে পরিচয় পত্র ও মোবাইল চেক করছে পুলিশ। ছবি: সমকাল
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৫:০৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৫:০৯
আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর ধারাবাহিকতায় সতর্ক অবস্থানে কেরানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্ত কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় গাড়ি থামিয়ে পরিচয় পত্র ও মোবাইল চেক করছে পুলিশ। এমনকি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছে।
বসুমতি পরিবহনের যাত্রী মামুন হোসেন বলেন, পুলিশ যেভাবে চেক করছে, তাতে বিএনপির মহাসমাবেশে কোনো লোক যেতে পারবে না। আমাদের এখন কিছুই করার নেই। এক ঘণ্টা পথ এখন দুই ঘণ্টা লাগছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইন্সপেক্টর ফজলুর রহমান বলেন, আমরা দুইদিন ধরে সতর্ক অবস্থায় আছি। গাড়ি তল্লাশি করে এখন পর্যন্ত কোনো অপরাধীকে ধরতে পারেনি।
- বিষয় :
- পুলিশ
- পরিচয় পত্র
- মোবাইল ফোন
- রাজধানী
- আওয়ামী লীগ
- বিএনপি
