ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শৈলকুপায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ২ বন্ধু আটক

শৈলকুপায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ২ বন্ধু আটক
×

নিহত জুয়েলের স্বজনদের আহাজারি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ২৩:০৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৪:১১

ঝিনাইদহের শৈলকুপায় জুয়েল শেখ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। 

উপজেলার সাদেকপুর গ্রামে বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

জুয়েল স্থানীয় বেনীপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

আটকেরা হলো- সাদেকপুর গ্রামের রেজাউল জোয়াদ্দারের ছেলে রাতুল জোয়াদ্দার ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাগর শেখ। রাতুল ও সাগর দু’জনেই বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহত জুয়েলের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, জুয়েল বুধবার বিকেলে কচুয়া বাজারে কচু বিক্রি করতে যায়। এরপর বাড়ি ফিরে সন্ধ্যার আগে সে গ্রামের একটি দোকানে কেরাম খেলার উদ্দেশ্যে বের হয়। এরপর রাত ৮টার দিকে তারা জানতে পারে গ্রামের বিলের মধ্যে জুয়েলের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে আছে।

সাদেকপুর গ্রামের দোকানদার তরিকুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে জুয়েল ও রাতুল তার দোকানে কেরাম খেলতে আসে। মাগরিবের আজানের সময় লোডশেডিং হলে রাতুল জুয়েলকে নিয়ে বাজারের উদ্দেশে রওনা হয়। এরপর রাত ৮টার দিকে জানতে পারি, বিলের মধ্যে জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তারা রাত ৮টার দিকে জানতে পারেন, সাদেকপুর গ্রামের বিলের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী শনাক্ত করে, নিহত ছেলেটি সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ রাতেই জুয়েলের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জানান, এ ঘটনায় বুধবার রাতেই তার দুই বন্ধু রাতুল ও সাগরকে আটক করা হয়। স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে রক্তমাখা জামাকাপড় ও হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×