ফরিদপুরে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৮:২৩
ফরিদপুরে চাঞ্চল্যকর নারী শ্রমিক কাজলীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, কাজল রেখা কাজলী (৩২) ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর প্রাইড জুট মিলে দুই বছর ধরে শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখানে যাতায়াতের পথে নছিমন চালক চুন্নু সিকদার ওরফে ঝড়ের সাথে পরিচয় হয় কাজলীর। গত ১৬ অক্টোবর রাতে চুন্নু মোবাইল ফোনে তাকে মিলের পাশে একটি কলাবাগানে ডেকে নেয়। পরে চুন্নুসহ অপর চার যুবক নামুল, ইসলাম, আতিয়ার ও নয়ন সকলে মিলে কাজলীকে ধর্ষণ করে। পরে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে কাজলীকে শ্বাসরোধে ও ছুরিকাঘাতে হত্যা করে ধর্ষকরা। পরদিন কাজলীর মৃতদেহ প্রাইড জুট মিলের পাশে কলাবাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে মধুখালী থানা পুলিশ ও ফরিদপুর পুলিশ আসামীদের ধরতে জোর তৎপরাতা শুরু করে।
পুলিশ সুপার আরো জানান, মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে অভিযুক্ত চুন্নু সিকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নামুল, ইসলাম ও আতিয়ারকে রাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত চার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
