পাবনার জেলা ছাত্রলীগ নেতা মিলনকে বহিষ্কার
ফাইল ছবি
পাবনা অফিস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৯:২১ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:২২
পাবনার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল মিলনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
মিলন পাবনার সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস মুন্সির ছেলে।
সম্প্রতি মিলনের নানা অপকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পাবনা জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। পরে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম কমিটি করার সময় আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা চালায় মিলনসহ তার বাহিনী। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ মিলনকে বহিষ্কার করেছে।
সাদুল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিন্টু বলেন, মিলনের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মুন্সি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার পর থেকে তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। চেয়ারম্যান ও তার ছেলে মিলন এলাকায় সুদের কারবার, মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। তাদের অত্যাচারে এরই মধ্যে সাদুল্যাপুর ইউনিয়ন থেকে একাধিক পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র বসবাস শুরু করছে।
সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান বলেন, গত
রোববারের হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ তদন্ত শেষে সাদুল্যাপুর ইউনিয়ন
আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করেছে।
