ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শিহাব হত্যা মামলা: গফরগাঁওয়ে ১১ জনের যাবজ্জীবন

শিহাব হত্যা মামলা: গফরগাঁওয়ে ১১ জনের যাবজ্জীবন
×

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৯:২৩

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কলেজছাত্র শিহাব হাসান (২০) হত্যা মামলার রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

বুধবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন দীঘিরপাড় গ্রামের ফজলুল হকের ছেলে গুরুদয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র শিহাব হাসান ২০১২ সালের ১৯ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হয়। পরদিন সকাল পর্যন্ত সে বাড়ি ফেরেনি। ২১ অক্টোবর বিকেল ৩টার দিকে মোবাইল ফোনে শিহাবের মা সেলিনা খাতুনকে জানানো হয়, তার ছেলের মরদেহ পাগলা থানাধীন গলাকাটা বাজারের উত্তর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে পাওয়া গেছে। 

এ ঘটনায় শিহাবের মা পাগলা থানায় ডিমের ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে ছেলে শিহাবকে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সাত বছর পর মামলার রায়ে আসামি মোফাজ্জল, ইলিয়াস (পলাতক), মামুন, মোস্তফা কামাল ওরফে মন্তু, পলাশ, জজ মিয়া, খোকন, সবুজ, আনোয়ার (পলাতক), সোহাগ ও আলমকে (পলাতক) যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। 

পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুন

×