রাজশাহীতে বিষাক্ত রং মেশানো ৩০১ বস্তা ডাল ধ্বংস
রং মেশানো ডাল ধ্বংস করার জন্য পুকুরে ফেলা হলে পানি বিষাক্ত হয়ে পুকুরের মাছ মরে ভেসে উঠে- সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৪২ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৫৫
গত দুই দিনে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ও বেলপুকুরে অভিযান চালিয়ে ৩০১ বস্তা বিষাক্ত রং মেশানো ডাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি ডালের বস্তার ওজন ছিল ৫০ কেজি।
এদিকে বানেশ্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রং মেশানো ২১৮ বস্তা ডাল বানেশ্বর কলাহাটার একটি পুকুরে ধ্বংস করার জন্য ফেলা হলে পানি বিষাক্ত হয়ে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
স্থানীয়রা জানান, বানেশ্বর এলাকায় মঙ্গলবার সকাল ১১টার দিকে শান্ত এন্টারপ্রাইজ নামের এক ডাল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা এবং রং মেশানো ৫০ কেজির ২১৮ বস্তা ডাল জব্দ করা হয়। পরে তা ধ্বংস করার জন্য খুটিপাড়া গ্রামের আয়েন উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের পুকুরে ফেলে দেন ভ্রাম্যমাণ আদালত। এতে পুকুরটির পানি বিষাক্ত হয়ে বুধবার সকালে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, ডাল ফেলার সময় পুকুরের মালিকপক্ষের লোক উপস্থিত ছিলেন। কিন্তু তখন তারা মাছ আছে কিনা বলেননি। যেহেতু মাছ মারা গেছে, তারা অভিযোগ দিলে ক্ষতিপূরণ পাবেন।
এদিকে মঙ্গলবার রাতে বেলপুকুর এলাকার রমজান আলীর বাড়িতে তল্লাশি করে ৮৩ বস্তা রং মেশানো ডাল জব্দ করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, অভিযানের খবর পেয়ে বানেশ্বর এলাকার ডাল মিল মালিক রমজান আলী বেলপুকুর এলাকার একটি বাড়িতে ডাল মজুদ করে রেখেছিলেন। গোপন খবরে ডাল জব্দ করে পুঠিয়ার মুসাখান নদীতে ফেলে তা ধ্বংস করা হয়।
