হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নুসরাতের মা
ফাইল ছবি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ২১:৪০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ২১:৪৫
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তার মা শিরিন আখতার।
বৃহস্পতিবার আলোচিত ওই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে; এর আগেরদিন বুধবার সমকালের সঙ্গে আলাপকালে নুসরাতের মা ও দাবি জানান।
তিনি বলেন, পোড়া শরীর নিয়ে আমার মেয়ে হাসপাতালে যে কষ্ট করছে সেই যন্ত্রণা যেন খুনিদেরও দেওয়া হয়। আমি আমার কলিজার টুকরা মেয়ে হত্যার সর্বোচ্চ দৃষ্টামূলক শাস্তি চাই।
নুসরাতে মা বলেন, এমন শাস্তি হোক, অপরাধীরা এমন ভয় পাক যেন কোথাও কোনও মায়ের বুক এভাবে খালি না হয়।
নুসরাতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে শিরিন আখতার বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা আর দিকনির্দেশনা না থাকলে এত দ্রুত সময়ে হত্যাকারীদের বিচার হওয়া সম্ভব হতো না। তিনি আমাদের পাশে ছিলেন বলেই আসামিদের বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রতি নজর না দিতেন তবে আমাদেও অস্তিত্ব থাকতো না। প্রধানমন্ত্রী তার বাসভবনে ডেকে নিয়ে আমাদের সান্ত্বনা দিয়ে বলেছেন -এ হত্যাকারীদের শাস্তি হবে। আমি সে কথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে রায়ের জন্য অপেক্ষা করে আছি।
নুসরাতের ভাই মামলার বাদী মাহমুদুল হাসান নোমান বলেন, বুকে পাথর চাপা দিয়ে বিচার চলার সময় আদালতে উপস্থিত থেকেছি। আদালতে আসামীদের আস্ফালন দেখেছি। মামলার সবগুলো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এ মামলা তিনি দেখভাল করবেন। নুসরাতের ভাই ও মামলার বাদী হিসেবে আমি ন্যায় বিচার চাই।
বৃহস্পতিবার আলোচিত এ মামলাটির রায় ঘোষণা করবেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। গত ৩০ সেপ্টেম্বর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।
মামলার যুক্তিতর্ক সমাপ্তির পর আসামিদের ‘সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীরা। অন্যদিকে মামলায় অনেক অসঙ্গতি আদালতে উপস্থাপন করা হয়েছে দাবি করে আসামিরা খালস পাবেন বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা।
- বিষয় :
- নুসরাত
- ফেনী
- মাদ্রাসাছাত্রী
