মালয়েশিয়ায় নিহত ফরিদের পরিবারে শোকের মাতম
নিহত ফরিদুল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০০:০৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ | ০০:১০
সংসারে স্বচ্ছলতা ফেরাতে জীবিকার উদ্দেশে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা গ্রামের সোনা প্রামানিকের ছেলে ফরিদুল ইসলাম (৩৫)।
স্বপ্ন ছিল পরিবারের সবার মুখে হাসি ফুটবে, ছেলে মানুষের মতো মানুষ হবে। কিন্তু তার স্বপ্ন পূরণ হবার আগেই সব যেন শেষ হয়ে গেলো। কারণ মালয়েশিয়ায় একটি দূর্ঘটনায় মারা গেছেন ফরিদুল।
বুধবার সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। তার এ অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না স্বজনরা।
নিহত ফরিদুলের ভাই নজরুল ইসলাম জানান, ধার দেনা করে জীবিকার সন্ধানে প্রায় চার বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদুল ইসলাম। তার আয়ে সংসারে ফিরেছিল স্বচ্ছলতা। কিন্তু তার এই অকাল মৃত্যুতে সব যেন শেষ হয়ে গেলো।
নজরুল ইসলাম জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তিনশো কিলোমিটার দূরে জহুরবারু এলাকায় বহুতল ভবনে কনষ্ট্রাকশনের কাজ করতেন ফরিদুল। বুধবার সকালে সেখানে প্রতিদিনের মতো কাজে গিয়ে বৃষ্টির মধ্যে পড়েন। বাংলাদেশ সময় দুপুর একটার দিকে হঠাৎ সেখানে বজ্রপাতে আহত হয়ে তিন তলা ভবন থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ফরিদুল।
ফরিদুলের মৃত্যুর খবর শোনার পর থেকে তার বৃদ্ধ বাবা, ভাই, স্ত্রী বার বার মূর্ছা যাচ্ছেন।
ফরিদুলের মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে মালয়েশিয়ায় নিহত ফরিদুলের মরদেহ যাতে দ্রুত দেশে আনা যায় সে বিষয়ে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করবো। এছাড়া সরকারি সহায়তা দেয়ার পাশাপাশি পরিবারটির পাশে দাঁড়াবে প্রশাসন।
