ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহজাদপুরে টিউবওয়েলে ‘চেতনানাশক ওষুধ’, শিশুসহ অসুস্থ ২৫

শাহজাদপুরে টিউবওয়েলে ‘চেতনানাশক ওষুধ’, শিশুসহ অসুস্থ ২৫
×

প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৪:৫৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৭:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী পূর্বপাড়া গ্রামের পাঁচটি বাড়ির টিউবওয়েলের ‘চেতনানাশক ওষুধ’ মেশানে পানি খেয়ে শিশুসহ অন্তত ২৫ জন অসুস্থ হয়েছেন। এছাড়াও ওই গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফরিদপাঙ্গাসী পূর্বপাড়া গ্রামে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিন দিনে দুর্বৃত্তরা পাঁচটি বাড়ির টিউবওয়েলের মধ্যে চেতনানাশক ওষুধ দেয়। এতে ওই গ্রামের লাল মেম্বার বাড়ির পাঁচজন, রফিকুল প্রমাণিকের বাড়িতে ছয়জন, আশরাফ ফকির ও মনোয়ারা বেগমের বাড়ির চারজন ও শহীদুল মাস্টারের বাড়িতে শিশুসহ ১০জন অসুস্থ হন। এরপর এসব বাড়ির সোনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা ছাড়াও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী মাসুম মাস্টার বলেন, ‘গত তিন দিনে আমাদের গ্রামের পাঁচটি বাড়ির টিউবওয়েলের পানি খেয়ে ২৫ জন অসুস্থ হয়েছেন। অনেকেই হাসপাতালে রয়েছেন। আমার বাড়িতে শিশুসহ ১০ জন অসুস্থ। দুই বাড়িতে সোনা, টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমরা আতঙ্কে আছি।’

একই এলাকার ভুক্তভোগী আশরাফ ফকির বলেন, ‘আমরা রাতে খাবারের খেয়ে অচেতন হয়ে পড়ি। পরে আমার ঘরে ধান বিক্রির নগদ টাকাসহ বউয়ের গয়না চুরি করে নিয়ে গেছে। আমি এখন কিভাবে চলবো সেই চিন্তায় আছি।’

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।

আরও পড়ুন

×