ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রেললাইনের ৭২ ফিশপ্লেট ক্লিপ খুলল দুর্বৃত্তরা, দুর্ঘটনা থেকে রক্ষা

রেললাইনের ৭২ ফিশপ্লেট ক্লিপ খুলল দুর্বৃত্তরা, দুর্ঘটনা থেকে রক্ষা
×

রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের শ্রমিকরা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ১৩:১৮

নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী টের পাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র বলেন, লোহালক্কর খোলার শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখেন দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলছে। পরে একসঙ্গে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ওই সময় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসছিল। এ সময় ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শতশত যাত্রী।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিশপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। 

 স্টেশন মাস্টার ওবায়দুর রহমান বলেন, লাইন মেরামত শেষে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলার খবর পেয়ে রাতেই শ্রমিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে রেললাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন

×