আচরণবিধি লঙ্ঘন
কঠোরভাবে সতর্ক করলেন আদালত, ক্ষমা চাইলেন মাহিয়া মাহি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মাহিয়া মাহি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩ | ১৭:৩৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ | ২২:২৫
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কঠোরভাবে সতর্ক করেছেন আদালত। রোববার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদের আদালতে কারণ দর্শানোর নোটিশের শুনানিতে সশরীরে উপস্থিত হলে তাকে সতর্ক করা হয়। এ সময় তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চান।
শুনানি শেষে মাহিয়া মাহি আদালতের সামনে সাংবাদিকদের বলেন, আচরণবিধি সম্পর্কে ধারণা থাকলেও একটু কনফিউশন ছিল। এতে আমার ভুল হয়েছে। কারো কাছে ভোট না চাইলেও প্রতীক বরাদ্দের আগে আমি ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়েছি, দোয়া চেয়েছি। এটাও একটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই আমি এর জন্য আদালতকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। তারা আমাকে কঠোরভাবে সর্তক করেছেন।
তিনি আরও বলেন, এই আসনের বর্তমান এমপিকেও শোকজ করা হয়েছিল। তারা (নির্বাচনী অনুসন্ধান কমিটি) আসলে সবার জন্যই সমান।
নির্বাচনে পছন্দের কোনো প্রতীক নেই জানিয়ে মাহি বলেন, প্রতীক বরাদ্দের পর ঠিক হবে আমি আসলে কোন প্রতীকে নির্বাচন করছি। এর পরে প্রচারণা।
শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, শেষ পর্যন্ত লড়ব।’
এর আগে, গত শুক্রবার আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মাহিকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনী আচরণবিধির ভঙ্গ করে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার প্রচারণা চালালে এর সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মাহিকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে শোকজ নোটিশের জবাব দিতে রোববার সকাল সাড়ে ১১টায় রাজশাহীর আদালতে আসেন মাহিয়া মাহি। দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি চলে। শুনানিতে আদালত মাহির বক্তব্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন বলেন, ‘মাহিয়া মাহি ভুল স্বীকার করে আদালতে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আদালত তাকে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলতে কঠোরভাবে সতর্ক করেছেন।’
