ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহ

রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নির্বাচনী সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী 

রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নির্বাচনী সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী 
×

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ২১:৩৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার অভিযোগ উঠেছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের বিরুদ্ধে। নিজে প্রার্থী না হলেও শনিবার বিকেলে স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে হাজির হন বলে জানা গেছে। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে রিটানিং অফিসার জানিছেন, সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী সভায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

জানা যায়, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচনে অংশ নেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে। কিন্তু জাতীয় পার্টির কাছে এ আসনটি ছেড়ে দেওয়ায় দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়। নির্বাচনে অংশ না নিলেও সংস্কৃতি প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তিকে সমর্থন দিয়েছেন। শনিবার বিকেলে স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয় মাঠে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে সমাবেশ স্থলে হাজির হন প্রতিমন্ত্রী। সামনে পুলিশ প্রটোকলের গাড়ির পেছনে পতাকাবাহী সাদা গাড়ি থেকে থেনে নামার পর জাতীয় পার্টির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তি স্বাগত জানিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যান প্রমিন্ত্রীকে। 

সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী নিজেই। সভায় নিজের বক্তব্যে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে জনতার উদ্দেশ্যে বলেন,‌ ‘লাঙ্গইল নৌকা, নৌকাই লাঙ্গল।’ সভায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেওয়া প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সমকালকে বলেন, ‘আমি তো প্রার্থী নই। যেহেতু আমি প্রার্থী নই, এক্ষেত্র সমস্যা হওয়ার কথা নয়। প্রার্থীরা এ ধরনের সুযোগ পায় না।’

রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে তিনি নির্বাচনী কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আমরা বিষয়টি নিয়ে খোঁজ নেব।

আরও পড়ুন

×