যশোর-৪ আসনে নৌকার বাবুলের প্রার্থিতা বহাল
এনামুল হক বাবুল- আগের ছবি
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ১৩:৪৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ১৪:১৮
যশোর-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনামুল হক বাবুলের প্রার্থীতা বহাল রয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে ছিলেন আইনজীবি শাহ্ মঞ্জুরুল হক।
এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল (নোঙ্গর প্রতঅক)। এ ছাড়া এনামুল হক বাবুলের মনোনয়ন পত্রের বৈধতার বিরুদ্ধে এই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রনজিত কুমার রায় আপিল করেছিলেন। শুনানি শেষে ১৩ ডিসেম্বর বাবুলের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে বাবুল হাইকোর্টে রিট করেন। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থীতা ফেরত দেন। পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করে।
নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, আদালতের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। এই রায়ের ফলে নির্বাচন করতে আর কোনো আইনি জটিলতা না থাকায় নির্বাচনে প্রাণ ফিরে পেয়েছে আমার এলাকা। আশা করি, এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে পিছিয়ে পড়া এই জনপদের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।
- বিষয় :
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- যশোর-৪
