পাহারাদারকে বেঁধে রেখে কল্যাণ পার্টির নির্বাচনী ক্যাম্পে আগুন
কল্যাণ পার্টির নির্বাচনী ক্যাম্পে আগুন। ছবি-সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ১৭:০৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ১৭:২২
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের আরেকটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ক্যাম্পের পাহারাদার আবু সালেককে (৫০) দড়ি দিয়ে বেঁধে পাশের একটি খেতে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা।
মঙ্গলবার ভোর চারটার দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আবু সালেককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের।
এর আগে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী এলাকায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়।
আহত পাহারাদার আবু সালেক বলেন, ‘ভোর ৪টার দিকে ১৫ থেকে ২০ সন্ত্রাসী ক্যাম্পে আগুন দেয়। এ সময় তারা আমাকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে পাশের মরিচ ক্ষেতে ফেলে দেয়। সকাল আটটার দিকে পুলিশ ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘ভোরে কোনো এক সময় স্বতন্ত্র প্রার্থী জাফর বাহিনীর সন্ত্রাসীরা বিএমচরে আমার হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিসের পাহারাদার আবু সালেহকে মারধর করে মরিচ ক্ষেতে নিয়ে বেঁধে রাখে। পরে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সকালে পুলিশ আবু সালেহকে উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইবরাহিম বলেন, এ ঘটনার পর সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাম্পে আগুন ও আসবাবপত্র ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কক্সবাজার-১
- বাংলাদেশ কল্যাণ পার্টি
