ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে সিলেট মহানগর পুলিশ পাচ্ছে স্থায়ী ভবন

অবশেষে সিলেট মহানগর পুলিশ পাচ্ছে স্থায়ী ভবন
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৮:৩১

ভূমি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিরোধ নিষ্পত্তির পর ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এক যুগ পর স্থায়ী কার্যালয় পাচ্ছে এসএমপি। 

বর্তমানে নগরীর নাইওরপুল এলাকায় থাকা এসএমপির অস্থায়ী কার্যালয়টি বৃহস্পতিবার নগরীর শাহজালাল উপশহরে স্থানান্তর করা হয়। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সমকালকে বলেন, ভূমি নিয়ে যে জটিলতা ছিল, সেটি অনেক আগেই শেষ হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসএমপির অনুকূলে ভূমি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আইনি সব প্রক্রিয়া শেষ করে এখন ওই ভূমিতে এসএমপির সদর দপ্তর হবে। নকশা অনুমোদন হয়ে গেছে। শিগগির কাজ শুরু হবে।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে অস্থায়ীভাবে উপশহরের এফ ব্লকের ১ নং রোডের ২২৮ নম্বর বাসায় কার্যালয় স্থানান্তর করা হয়। সদর দপ্তরের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই কার্যালয়েই পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), এডিসি (সদর), এসি (সদর), স্টাফ অফিসার টু-কমিশনারসহ সদর দপ্তরের সব কর্মকর্তা নতুন কার্যালয়ে অফিস করবেন।

২০০৬ সালে এসএমপির যাত্রা শুরু হয়। ওই সময় শহরে একমাত্র থানা ছিল সিলেট কোতোয়ালি। মহানগর পুলিশের কার্যক্রম শুরুর বছর দক্ষিণ সুরমা নামে আরেকটি থানা হয়। পরে ২০১১ সালের ১১ আগস্ট এসএমপির আওতাধীন শাহপরান, বিমানবন্দর, জালালাবাদ ও মোগলাবাজার নামে আরও চারটি থানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর পর থেকে মোট ৬টি থানা দিয়েই নাইওরপুলের কার্যালয়ে চলছিল এসএমপির কার্যক্রম। সেখানকার টিনশেড ভবনটি পাউবোর অফিস ছিল। 

অবশেষে পাউবো জায়গাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করার পর একই স্থানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন

×