আমতলী পৌর মেয়য়ের বিরুদ্ধে মামলার নির্দেশ
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪ | ০৯:০৯
বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদি।
চিঠিতে বলা হয়েছে, পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তার বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এবং সাধারণ ভোটারদের হুমকি ও ভয়-ভীতি দেখান। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন মর্মে বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের আলোকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে কথা বলতে পৌর মেয়র মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
