ভাঙ্গায় হেলপারকে হত্যা করে বাস ছিনতাইয়ের চেষ্টা
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৯:১৩
ফরিদপুরের ভাঙ্গায় সাদ্দাম হোসেন (২০) নামে এক হেলপারকে হত্যা করে বাস ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে নিউ নুপুর (ফরিদপুর-ব-১১-০০৮৮) পরিবহনের বাসটি ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় বাসের ভেতরে থাকা হেলপার সাদ্দাম হোসেনর হাত-পা ও মাথা বাধা লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম জেলার মধুখালি উপজেলার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, ফরিদপুর থেকে বেনাপোল রোডে চলাচলকারী বাসটি বুধবার রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাই করে চক্রটি। বাসের ভেতরে থাকা হেলপারকে হত্যা করে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। ফরিদপুর থেকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে বাসটির চালক (ছিনতাইকারী) ভুল করে নির্মাণাধীন এলকায় প্রবেশ করে ফেলে। সেখান থেকে বাসটি ঘোরানের কোন ব্যবস্থা না থাকায় সেটি ফেলেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
বাসের মালিক হাজী জয়নাল জানান, দুই দিন আগে হেলপার হিসাবে সাদ্দাম কাজে যোগ দিয়েছিলেন। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন তিনি।
ভাঙ্গা থানার ওসি কাজী সাঈদুর রহমান বলেন, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানাকে খবর দেয়। পরে হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনাস্থলে এসে বাসের ভেতরে লাশ দেখতে পান। এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
- বিষয় :
- ফরিদপুর
- ছিনতাই
- বাস ছিনতাই
- লাশ উদ্ধার