ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নির্বাচন-পরবর্তী সহিংসতা

ঝিনাইদহে প্রাণ গেল নৌকা সমর্থকের

ঝিনাইদহে প্রাণ গেল নৌকা সমর্থকের
×

বরুণ ঘোষ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ০০:৩২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ | ০৭:৩৮

ঝিনাইদহ-২ আসনে এক নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, নৌকার সমর্থন করাতেই প্রতিপক্ষের কেউ তাঁকে হত্যা করতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। এ ছাড়া আগের রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন-পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কিশোরগঞ্জ, পিরোজপুর, সাতক্ষীরাসহ আরও বেশ কয়েকটি জায়গায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতীকের সমর্থকদের ওপর পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। সাতক্ষীরার শ্যামনগরে নৌকা প্রতীকের পক্ষে কাজ করা না-করা নিয়ে ১২ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। পিরোজপুরের নাজিরপুরে কুপিয়ে জখম করা হয়েছে নৌকা প্রতীকের এক সমর্থককে। এসব ঘটনায় আটক ও গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। প্রতিনিধিদের পাঠানো খবর– 
 

ঝিনাইদহ: গতকাল সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঘোষপাড়া মোড়ে বরুণ ঘোষ (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পেশায় রড-সিমেন্ট ব্যবসায়ী বরুণ ওই এলাকার নরেন ঘোষের ছেলে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস দাবি করেন, নির্বাচনে বরুণ নৌকার পক্ষে কাজ করেছিল। এ কারণে বা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হতে পারে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, এখনই ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে আমরা কাজ করছি।
এ বিষয়ে নৌকার পরাজিত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী বলেন, ‘বরুণ ভোটের আগে আমার কাছে এসে বলেছিল, একটি মহল তাকে নৌকার পক্ষে ভোট না করার জন্য হুমকি দিচ্ছে। আমি তাকে আশ্বস্ত করেছিলাম। তাকে হত্যায় কারা জড়িত আমি জানি না।’ নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘বরুণ ঘোষ কার কর্মী এটা বড় নয়, সে হত্যার শিকার। আমি পুলিশ সুপারকে বলেছি, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে।’ 
 

শ্যামনগর: গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সোমবার দুপুরে তাঁর সমর্থকদের নিয়ে সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী নৌকার প্রার্থী আতাউল হক দোলনকে শুভেচ্ছা জানাতে শ্যামনগর যান। সেখানে উপস্থিত এমপি দোলনের সমর্থক আব্দুর রহিম নৌকার পক্ষে কাজ না করার অভিযোগ তুলে মিজানুরকে পিটিয়ে আহত করেন। হাসপাতাল নেওয়ার সময় তাঁর বাড়িতেও হামলা করে রহিমের লোকজন। বাধা দিতে গিয়ে মিজানুরের পরিবারের চারজন আহত হন। এর জেরে রাতে মিজানুরের লোকজন রহিমের বাড়িতে হামলা চালিয়ে তাঁর ১২ স্বজনকে কুপিয়ে জখম করে। আব্দুর রহিমের দাবি, মিজানুরের ওপর হামলায় তাঁর লোকজন জড়িত নন। তার পরও তাঁর বাড়িতে মিজানুরের লোকজন হামলা করেছে। মিজানুর হাসপাতালে ভর্তি থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে নবনির্বাচিত এমপি আতাউল হক দোলন বলেন, দুই পক্ষকে ঠান্ডা থাকতে বলেছি। আমি শপথ নিয়ে এলাকায় ফিরে বিষয়টা দেখব। 

নাজিরপুর: পিরোজপুর-১ আসনের নাজিরপুরে লাইজু শেখ নামে নৌকার প্রার্থী শ ম রেজাউল করিমের এক সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে লাইজু ও তাঁর বন্ধু আল নোমান রনি রঘুনাথপুর থেকে একসঙ্গে ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা ঈগল প্রতীকের পরাজিত প্রার্থী এ কে এম এ আউয়ালের ২০-২৫ জন সমর্থক লাইজুকে কুপিয়ে গুরুতর আহত করে ও রনিকে আটকে রাখে। একটি ঘরেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাইজু ও রনিকে উদ্ধার করে। লাইজুকে আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থককে আটক করেছে। তবে অভিযোগ অস্বীকার করে ঈগল প্রতীকের কর্মী আটক জব্বার খানের চাচাতো ভাই আজহার খানের দাবি, নৌকা সমর্থকরা তাদের বাড়িতে হামলা করতে এলে তারা প্রতিহত করেছেন।

মেহেরপুর: সোমবার রাতে মুজিবনগর উপজেলায় মেহেরপুর-১ আসেন নবনির্বাচিত এমপি ফরহাদ হোসেনের সমর্থকদের আনন্দ মিছিলে হামলা করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের সমর্থকরা। এতে নৌকার অন্তত ২০ জন আহত হন। এ বিষয়ে নবনির্বাচিত এমপি ফরহাদ হোসেন বলেন, ‘উপজেলায় কিছু কর্মী-সমর্থক আনন্দ করছিল। তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে আহত করা অন্যায়। পুলিশ প্রশাসন তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবে।’ মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, হামলার ঘটনায় আনন্দবাস ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল কবির মুক্তা, এক বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ মোট ১২টি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার নবনির্বাচিত এমপি সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।

কিশোরগঞ্জ: পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা গ্রামে কিশোরগঞ্জ-২ আসনে ঈগল প্রতীকের বিজয়ী প্রার্থী সোহরাব উদ্দিনের সমর্থকদের বাড়িতে নৌকা সমর্থকরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধা আহত হয়ে হাসপাতালে আছেন। এ ব্যাপারে পরাজিত নৌকার প্রার্থী আব্দুল কাহার আকন্দকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। তাঁর ঘনিষ্ঠজন পাকুন্দিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। 

জয়পুরহাট: সোমবার রাতে পাঁচবিবি পৌর ছাত্রলীগের অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পৌর ছাত্রলীগ নেতাকর্মীর অভিযোগ, জয়পুরহাট-১ আসনে পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজুর নেতৃত্বে সংগঠনের কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লার পক্ষে প্রচার-প্রচারণা করেন। এর জেরে বিজয়ী নৌকার প্রার্থী সামসুল আলম দুদুর কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের সমর্থক জিহাদ মণ্ডল। 

গাইবান্ধা: সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরকে সোমবার বিকেলে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা করেছেন তাঁর বড় ভাই। মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার প্রধান আসামি নৌকা সমর্থক সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ অন্যরা পলাতক। গুরুতর আহত জাহাঙ্গীর কবীরকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। গাইবান্ধা-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর সমর্থক ছিলেন জাহাঙ্গীর।

রামগতি: নৌকা প্রতীক সমর্থন করা নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক দুটি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বাসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চর আলগী গ্রামের পাটোয়ারী বাড়িতে এবং রামদয়াল বাজার সিএনজি স্টেশনের দখল নিয়ে এসব ঘটনা ঘটে।

মাদারীপুর: ভোটের ফল প্রকাশের পর থেকেই মাদারীপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের বাড়িঘরে হামলা করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সংবাদ সম্মেলনে এই দাবি করেন পরাজিত নৌকার প্রার্থী ড. আব্দুস সোবাহান মিয়া গোলাপ। 

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-২ আসনে সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেছেন পরাজিত দুই প্রার্থী নৌকা প্রতীকের মমতাজ বেগম ও স্বতন্ত্র মুশফিকুর রহমান খান হান্নান। গত দুই দিনে ৫০ নেতাকর্মীকে মারধর এবং বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে দাবি তাদের। এর জন্য উভয় প্রার্থী স্বতন্ত্র বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর সমর্থকদের দায়ী করেন। গতকাল সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামে এক কর্মিসভায় তারা এ দাবি করেন। হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন মমতাজ।
এ বিষয়ে নবনির্বাচিত এমপি টুলু বলেন, পরাজিত দুই প্রার্থীর কর্মীরা বরং আমার সমর্থকদের ওপর হামলা করছে। তিনি নিজের কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। 


 

আরও পড়ুন

×