ভোলার ঘটনায় ২ মামলায় ৫ জন রিমান্ডে
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ১০:৩৬
ভোলার বোরহানউদ্দিনে সংঘাতের ঘটনায় দুটি মামলায় পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছানাউল হক পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পরিদর্শক রবীন্দ্রনাথ বিশ্বাস জানান, ফেসবুক হ্যাক করে বিতর্কিত মন্তব্যের ঘটনায় বোরহানউদ্দিন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিপ্লব চন্দ্র শুভ, রাফসান ইসলাম শরীফ ও ইমনকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা এসআই মোহাইমিনুল সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই দিনে সহিংসতা ও পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার মো. আরিফ ও সজিবকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল কাদের।
শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।