প্রাইমারি স্কুল শিক্ষিকার আত্মহত্যার অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০২:৪০
পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাছুমা আক্তার (২৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আফরোজগঞ্জ বাজারের ধীরেন্দ্র ভবন নামক ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মৌলভীবাজার পৌর শহরের বনশ্রী এলাকার বাসিন্দা শিক্ষিকা মাছুমা আক্তারের বিয়ে হয় সিলেটের ওসমানিনগর উপজেলার সাদিপুর গ্রামের জুনেদ আহমদের সঙ্গে। চাকরির সুবাদে সদর উপজেলার আফরোজগঞ্জ বাজারে ধীরেন্দ্র ভবনের নীচতলায় ভাড়া থাকতেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়। এ ঘটনার জের ধরে শিক্ষিকা শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।