বগুড়ায় শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৬:৩৭
বগুড়ার কাহালুতে একটি জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আলাল হোসেন (১২) নামের এক শিশু শ্রমিককে হত্যার অভিযোগ ওঠেছে।
নিহত আলাল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকনতা গ্রামের মোতাহার আলীর ছেলে।
এ ঘটনায় পুলিশ ওই জুট মিলের যতন চন্দ্র (১৭) নামে এক কিশোর শ্রমিককে গ্রেফতার করেছে। যতনও একই জুট মিলের শ্রমিক।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে জুট মিলের শ্রমিক আলাল হোসেন ও যতন চন্দ্র জুট মিলের ময়লা পরিষ্কারের পাইপ দিয়ে ময়লা পরিষ্কার করছিল। এক পর্যায়ে যতন চন্দ্র ওই পাইপ দিয়ে আলাল হোসেনের পায়ুপথে বাতাস দেয়। এতে আলাল অসুস্থ হয়ে পড়ে। তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেল ৩টায় মারা যায়। ঘটনায় যতন চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এর আগে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর কাহালু উপজেলায় এবিসি টাইলস নামে একটি প্রতিষ্ঠানে পায়ুপথে বাতাস দেয়ায় রাসেল (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়।