অনিয়মের অভিযোগে শাহজাদপুরে সাড়ে ৭ মেট্রিক টন চাল গুদামে ফেরত
ফাইল ছবি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৩:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের হতদরিদ্র কর্মহীনদের মাঝে জিআর প্রকল্পের ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চাল বাঘাবাড়ি খাদ্যগুদামে ফেরত দেওয়া হয়েছে।
তালিকা তৈরিতে দলীয়করনের অভিযোগ উঠায় উপজেলা নির্বাহী অফিসার ত্রাণের চাল শুক্রবার গুদামে ফেরত দিতে বলেন। করোনা দূর্যোগে কর্মহীন মানুষের মাঝে শনিবার এ চাল বিতরণের কথা ছিল।
গালা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, পিআইও অফিস থেকে তার ইউনিয়নে কর্মহীন ৭৫০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয় ।
তিনি জানান, এ তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয় গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের উপর। কিন্তু চেয়ারম্যান মেম্বারদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ না করেই তারা নিজেদের ইচ্ছামত সুবিধাভোগীদের তালিকা তৈরি করে পিআইও অফিসে জমা দেন। এ নিয়ে জটিলতা তৈরী হয়। উপজেলা নির্বাহী অফিসার নতুন করে যাচাই বাছাই করে তালিকার করার নির্দেশ দেন এবং চাল খাদ্য গুদামে ফেরত দিতে বলেন । ইউএনওর নির্দেশে চাল বাঘাবাড়ি খাদ্যগুদামে ফেরত দেই।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, ত্রাণ বিতরণে সুবিধাভোগীদের নামের তালিকা নিয়ে অভিযোগ উঠায় ত্রাণের চাল খাদ্যগুদামে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে সঠিকভাবে তালিকা তৈরি করে দুঃস্থদের মাঝে এ চাল বিতরণ করা হবে।
গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, আমরা সুবিধাভোগীদের যে তালিকা করেছি তাতে একটু অভিযোগ থাকায় চাল ইউএনওর আদেশে গুদামে ফেরত দিতে হয়। তবে দু-একদিনের মধ্যে তালিকা সংশোধন করে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হবে।