বাগেরহাটে চট্টগ্রামফেরত নারীর করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৪:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি হওয়া ২৫ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) মনজুরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। আক্রান্তের বাড়ি উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
এ ঘটনায় রাতেই আক্রান্ত নারীর বাড়িটি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর মধ্যে একজন মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ৬ মে ওই নারী বন্দর নগরী চট্টগ্রাম থেকে কচুয়ার বাড়িতে ফেরেন। প্রতিবেশীরা খবরটি স্বাস্থ্য বিভাগকে জানালে একটি মেডিকেল টিম রাতেই ওই বাড়িতে গিয়ে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। এ সময় তার শরীরে করোনার উপসর্গ ছিল না। তিনি বলেন, ৮ মে আক্রান্ত নারীর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোবরাব রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও বলেন, ওই নারীর সংস্পর্শে আসা পরিবারের চারজনকে হোম কোয়ারেন্টাইনে রেখে বাড়িটি অবরুদ্ধ করা হয়েছে। তিনি জানান, আক্রান্ত ওই নারীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া তার পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।