করোনা উপসর্গে নরসিংদীফেরত শ্রমিকের মানিকগঞ্জে মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৫:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে এসে মারা গেলেন ইটভাটার এক শ্রমিক (৩৫)। রোববার দিনে ফেরার পর রাতেই মারা যান ওই শ্রমিক। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ওই ব্যক্তি নরসিংদীর পলাশ উপজেলায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন ধরে সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। রোববার সন্ধ্যায় তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর রাত ১১টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।
সর্দি ও জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়ার পর রাতেই ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোকজন যান। এসময় তার নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। দুপুরে স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্যকর্মী ও পুলিশের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।