উল্লাপাড়ায় ৪০ মণ ভেজাল ঘি জব্দ,ব্যবসায়ীকে জেল
ভ্রাম্যমান আদালতের অভিযান- সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৫:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
উল্লাপাড়া পৌরশহরের ঘোষগাঁতী মহল্লায় সুজন কুমার ঘোষের ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ঘি জব্দ এবং ব্যবসায়ীকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে কারখানা থেকে প্রায় ৪০ মণ ভেজাল ঘি, ৩৬০ কেজি পামওয়েল, ৪৫০ কেজি ডালডা ও কৃত্রিম রং জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় কারখানার মালিক সুজন কুমারকে।
পরে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন ভেজাল ঘি উৎপাদন ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে সুজন কুমারকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শহিদুল হাসান রন্টু এবং পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলী আহমেদ রতন ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন জানান, সুজন কুমার ঘোষ রমজানের শুরু থেকে তার বাড়ির কারখানায় ডালডা, পামওয়েল ও রং মিশিয়ে ভেজাল ঘি উৎপাদন করে বগুড়ার বিভিন্ন লাচ্ছা সেমাই কারখানায় সরবরাহ করে আসছিলেন।