কুড়িগ্রামে ধান কাটা-মাড়াই শুরু
ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৬:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামে চলতি বোরো মৌসুমের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। সোমবার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামে আনুষ্ঠানিকভাবে এই ধান কাটার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রাসারণ দপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও রাজারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যোবায়ের হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কৃষক আবুল কালাম আজাদের ৪ বিঘা জমির ব্রিধান-৮১ জাতের ধান কাটা-মাড়াই-ঝাড়াই করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, জেলায় এবার ১ লাখ ১৫ হাজার ১১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৩১৫ হেক্টর জমিতে হাইব্রিড, ৮১ হাজার ৫২৩ হেক্টর জমিতে উফশী জাতের এবং ১ হাজার ২৭২ হেক্টর জমিতে স্হানীয় জাতের ধান আবাদ হয়েছে। ফলন খুব ভালো হয়েছে। এবার ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টনের বেশি চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
ড. মো. মোস্তাফিজুর রহমান আরও জানান, জেলায় এবার মজুরের সংকট নেই। তাছাড়া সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রমের আওতায় ভর্তুকী মূল্যে ১৯টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কাটা-মাড়াই-ঝাড়াইয়ে সহযোগিতা করছে। এ কারণে জেলায় এবার নির্বিঘ্নে ধান কাটা-মাড়াই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর সোমবার নমুনা কর্তন করে হেক্টর প্রতি প্রায় সাড়ে ৪ মেট্রিক টন চাল ফলন পাওয়া গেছে।