নওগাঁয় ৬ ইটভাটা মালিকের ১০ লাখ টাকা অর্থদণ্ড
ছবি: সংগৃহীত
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ১৩:৪৩ | আপডেট: ০৬ মার্চ ২০২৪ | ১৩:৪৬
নওগাঁয় ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরে অবৈধভাবে পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ছয় ইটভাটা মালিকের ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার সকালে অবৈধ ইটভাটায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া।
মঙ্গলবার দিনব্যাপী সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ওই সব ইটভাটা মালিকের অর্থদণ্ডের এ রায় প্রদান করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব।
নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া জানান, নওগাঁ সদর ও মান্দা উপজেলায় একাধিক ইটভাটা ইটভাটা দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মণ্ডল ব্রিকসকে ২ লাখ ও মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লাখ, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লাখ, মেসার্স শাপলা ব্রিকসকে ২ লাখ, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লাখ টাকা সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিক ওই পরিমাণ টাকা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- অর্থদণ্ড
- নওগাঁ
- ইটভাটা
- পরিবেশ অধিদপ্তর
