গাইবান্ধা
পুলিশের রেকারের চাপায় রিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। ছবি: সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ১৭:১৯ | আপডেট: ০৬ মার্চ ২০২৪ | ১৭:৫৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্র্যাফিক পুলিশের রেকারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ সময় রেকারে থাকা এক ট্র্যাফিক সদস্যকে মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তামোড়ে অবরোধ করে। এতে রাস্তার দু’পাশে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তামোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম মো. শাহিদ উদ্দিন। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, পুলিশের একটি রেকার বুধবার সকালে থানা থেকে বেরিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রেকারের ধাক্কায় রিকশাচালক শাহিদ নিহত হন। এ ঘটনায়
উত্তেজিত জনতা রেকারে থাকা এক ট্র্যাফিক সদস্যকে মারধর করে। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিভিন্ন জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অদক্ষ চালক দিয়ে পুলিশের রেকার রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শাহিদ নিহন হন। এ ঘটনায় আহত হন আরও একজন।
ইউএনও রাসেল মিয়া বলেন, দুর্ঘটনার প্রতিবাদে সাধারণ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
অন্যদিকে, ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়িতে লং ভেহিকেলের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে পলাশবাড়িতে ট্রাক থামিয়ে গ্লাস পরিষ্কার করছিলেন হেলপার হামিদুল ইসলাম (৩২)। এ সময় একটি লং ভেহিকেল হামিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামিদুলের বাড়ি দিনাজপুর জেলার সুন্দরগঞ্জ গ্রামে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- গাইবান্ধা
- নিহত
- অবরোধ
- রিকশাচালক নিহত
