ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইউপি চেয়ারম্যানসহ পরিবারের সবাই অচেতন হয়ে হাসপাতালে

ইউপি চেয়ারম্যানসহ পরিবারের সবাই অচেতন হয়ে হাসপাতালে
×
×

হাসপাতালে ভর্তি অসুস্থরা- সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ০০:১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটায় মো. মোজাম্মেল হক নামের এক ইউপি চেয়ারম্যানসহ পরিবারের বাকি সদস্যরা অচেতন হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন পরিবারের অন্য সদস্যরা হলেন- চেয়ারম্যানের মা মজিরন বেওয়া, স্ত্রী চায়না বেগম, মেয়ে আঁখি ও তিন বোন শাহেদা, শাহেরা ও ছকিনা বেগম।

চেয়ারম্যানের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, গত বুধবার সকালের খাবার খেয়ে চেয়ারম্যান ভূরুঙ্গামারীতে যান। সেখানে গিয়ে দুপুরের দিকে চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায় সেখানেই অজ্ঞান হয়ে পড়লে তাকে কুড়িগ্রামে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে বাড়িতে আনা হয়। এসময় বাড়ির সকলকে অসুস্থ অবস্থায় দেখা যায়। পরে আবারও শুক্রবার সকাল থেকে সবার অবস্থা খারাপ হতে থাকে। কেউ সারাদিন ঘুমে অচেতন। আবার কেউ চোখ খুলে তাকাতে পারছেন না। চেয়ারম্যানও আবার অসুস্থ হয়ে ঘুমের ঘোরে চলে যান। তিনি কথা বলতে পারলেও চোখ খুলে তাকাতে পারছেন না। দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়েছে তার। একা হাঁটতেও পারছেন না। সন্ধ্যার দিকে অসুস্থ সবাইকে জরুরি ভিত্তিতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মুঠোফোনে বলেন,‌ ‘আমিসহ বাড়ির সকলে একযোগে অসুস্থ হয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসা চলছে। আমার বাড়িতে বেড়াতে আসা তিন বোন আরও বেশি অসুস্থ। হয়তো কেউ অসৎ উদ্দেশে চেতনানাশক প্রয়োগ করেছে।’

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশে কেউ খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আরএমও ডা.শাহিনুর রহমান সরদার জানান, রাতে ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের একযোগে ৮ জন এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার পর আসলে জানা যাবে তাদের কেন এমনটা হয়েছে।

আরও পড়ুন

×