কালিয়ায় দেবরের মারধরে আহত ভাবি
প্রতীকী ছবি
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ২১:২৮
জমি দখল করে ঘর তুলতে বাধা দেওয়ায় নড়াইলের কালিয়ায় দেবরের হাতে মোসা. মারুফা বেগম (৪৩) নামে এক নারী লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। দেবরের মারধরে আহত ওই নারীকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নোয়াগামে এই ঘটনা ঘটে। মারুফা বেগম এই গ্রামের মো. নবাব আলী বিশ্বাসের স্ত্রী।
আর অভিযুক্ত দেবরের নাম মো. রেলিম বিশ্বাস (৪২)। তার বাবার নাম মৃত মো. আবু বিশ্বাস।
ভুক্তভোগী মারুফা অভিযোগ করে বলেন, বসত ভিটার একখণ্ড জমিতে তার দেবর রেলিম ও তার স্ত্রী শাহনাজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জোর করে ঘর তুলতে গেলে তিনি বাধা দেন। সে কারণে ক্ষিপ্ত হয়ে রেলিম ও তার স্ত্রী তাকে বেদম মারধর করে আহত করেন।
মারুফা জানান, যে জমিটি নিয়ে বিরোধ, সেটি তার স্বামী নবাব আলী বিশ্বাসের নামে কেনা। তবে সেই জমিতে দেবর রেলিম এসে জোর করে ঘর তুলতে চান। এর আগেও জমি নিয়ে দেবর রেলিম তার স্বামীর ওপর হামলা করেছেন।
তবে রেলিম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ভাবির সঙ্গে তার গোয়াল ঘরের কাজ করাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছে। তিনি তাকে লাঞ্চিত বা মারধর করেননি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
