'সুইসাইড নোট লিখে' শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৩:৩৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৫:৫৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী 'সুইসাইড নোট লিখে' আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার নাম বকুল দাস (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিস (পিএসএস) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও শাহ পরান আবাসিক হলের বি ব্লকের ১২০ নম্বর রুমে থাকতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বকুল হবিগঞ্জের লাখাই উপজেলার সোয়াগাঁও গ্রামের রামু কুমার দাসের ছেলে। শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ বলেন, থানা থেকে বলা হয়েছে বকুল বিষ পানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বকুলের এক রুমমেট জানান, বুধবার রাত দেড়টার দিকে বকুল রুমের মধ্যে বমি করতে থাকে। তখন তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে বকুল তাদের জানায়, সে বিষ পান করেছে।
জালালাবাদ থানার ওসি অখিল উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে, তদন্তের আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।
- বিষয় :
- শাবি
- আত্মহত্যা
- শিক্ষার্থী
