ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

থানা কক্ষে সিটে বসা নিয়ে হাতাহাতি, গাড়ি ভাংচুর

থানা কক্ষে সিটে বসা নিয়ে হাতাহাতি, গাড়ি ভাংচুর
×

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৪:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০৪:২৬

হবিগঞ্জের নবীগঞ্জে থানার ভেতরে সিটে বসা নিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গে আরেকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে একটি গাড়ি ভাংচুরেরও অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে নবীগঞ্জে 'কমিউনিটি পুলিশিং ডে' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে থানায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপিসহ অতিথিরা আপ্যায়নের জন্য থানা কক্ষে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও শামিনুর মিয়া নামে একজনের মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপস্থিত আওয়ামী লীগ নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।

ওই সূত্র আরও জানায়, এ ঘটনার পর উপজেলার ফুটারমাটি গ্রামের গজল মিয়ার ছেলে শামিনুর মিয়া প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-১২-৭৩৫৯) বাড়ি ফেরার পথে শহরের নতুন বাজার মোড়ে তার ওপর হামলা হয়। এ সময় শামিনুরের প্রাইভেটকারটি ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করা শামিনুর মিয়া অভিযোগ করেন, ফয়ছলের নেতৃত্বে কিছু নেতাকর্মী তার গাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বলেন, ‘আমি এই হামলার বিষয়ে কিছু জানি না। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।’

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান গাড়ি ভাংচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখনও লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

আরও পড়ুন

×