পেঁয়াজ আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৭:২৩
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানো হবে। এ ব্যাপারে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বর্তমানে যেহেতু আমাদের পর্যাপ্ত নিজস্ব উৎপাদন নেই, তাই একটু কষ্ট সহ্য করতে হবে।
শনিবার রংপুর পীরগাছা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রায় ১৮ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। আমাদের চাহিদা ২৬ লাখ টনের। প্রতি বছর ঘাটতি পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয়। ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় আমাদের বিপাকে পড়তে হয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে মিশর থেকে পেঁয়াজের চালান আসার কথা রয়েছে।
টিপু মুনশি বলেন, অনেক অসাধু ব্যবসায়ীরা দেশের এ ধরনের সমস্যা দেখা দিলে তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। অসাধু ব্যবসায়ীরা যাতে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেটি মনিটরিংয়ের জন্য আমাদের টিম মাঠে কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সারাদেশে দলের মাঝে শুদ্ধি অভিযান চলছে। রংপুরও দেশের বাইরে নয়। তাই রংপুরেও আওয়ামী লীগ নেতাদের মাঝে শুদ্ধি অভিযান চলবে।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- পেঁয়াজ