ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার অত্যন্ত আন্তরিক: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার অত্যন্ত আন্তরিক: তথ্যমন্ত্রী
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৮:২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার অত্যন্ত আন্তরিক বলে দাবি করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এজন্য সরকারিভাবে দেশের সেরা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

গত দুই সপ্তাহ ধরে খালেদা জিয়াকে কোনো চিকিৎসক দেখতে যাননি- খালেদা জিয়ার আত্মীয়-স্বজনদের এমন অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বেগম জিয়াকে ডিউটি ডাক্তাররা নিয়মিত চেকআপের মধ্যে রেখেছেন। সিনিয়র ডাক্তাররাও তাকে এক-দুই দিন পরপর দেখতে যান। স্বাস্থ্য পরীক্ষা করান। তার শরীরের অবস্থা বেশ কিছুদিন ধরে স্ট্যাবল।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা এসেছে। কিন্তু তাকে বিদেশে নিয়ে যেতে হলে তো প্রথমে তার জামিন নিতে হবে। এরপর আদালতের অনুমতি লাগবে। স্বজনরা তাকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারবেন কী না, তিনি জামিন পাবেন কী- পাবেন না, এসব আদালতের বিষয়। আদালত যদি তাকে জামিন দেয়, বিদেশ যাওয়ার অনুমতি দেয়, তবেই তার বিদেশ যাওয়ার প্রসঙ্গটি আসবে। সরকার এখানে হস্তক্ষেপ করবে না।

তথ্যমন্ত্রী বলেন, দেশে অনেক হাসপাতাল রয়েছে। কিন্তু সেখানে না রেখে সরকারিভাবে দেশের সেরা হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা বেশ পুরনো। এ সমস্যা নিয়েই তিনি দুইবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেছেন। হাঁটুর এ সমস্যা তেমন বড় সমস্যা নয়। এ ধরনের সমস্যা প্রায় সব মানুষের মধ্যে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেগম জিয়ার এ সমস্যাটি একটু বেড়েছে। কিন্তু তার স্বাস্থ্য বেশ কিছুদিন ধরে স্ট্যাবল রয়েছে। যেটি চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।

ড. হাছান মাহমুদ আরও বলেন, মিথ্যা বলে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার জন্য সহানুভুতি আদায়ের চেষ্টা করছেন। কিন্তু সেটি করতে গিয়ে তারা বেগম জিয়াকে অসম্মানিত করছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি। কোনো দুর্নীতিবাজকে সরকার সহায়তা করতে পারে না। তাই খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের কিছু করার নেই। আদালতের মাধ্যমেই তাকে মুক্তি পেতে হবে।

আরও পড়ুন

×