ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা

ভোলায় নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা
×

ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল- সমকাল

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৮:৪৬

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে বিতর্কিত মন্তব্য নিয়ে সহিংসতায় নিহত চার জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ টাকা তুলে দেন।

এর আগে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আলী আজম মুকুল বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। তিনি বলেন, আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট করতে সুষ্ঠু ও শান্ত পরিবেশে যারা উস্কানি দিয়েছে, আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।

বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে উল্লেখ করে এমপি মুকুল বলেন, ওই প্রতিবেদন সচিবালয়ে যাবে। সেখানে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভিতে প্রকাশিত ফুটেজ, সাক্ষাৎকারে প্রকাশ হয়েছে কারা জড়িত। ফেসবুকে উপজেলা ছাত্রদল সভাপতিসহ যুবদলের নেতারা ছিল মিডিয়ায় দেখা গেছে। এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনে সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান মুকুল। এ সময় তিনি বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সহায়তা প্রদানসহ সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরে নিহত শাহিন, মাহফুজ পাটোয়ারী, মিজান ও আবু রায়হানের পরিবারের কাছে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা তুলে দেন তিনি।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×