ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অতিথিতে পরিপূর্ণ সিলেটের পর্যটন এলাকা, খুশি ব্যবসায়ীরা

অতিথিতে পরিপূর্ণ সিলেটের পর্যটন এলাকা, খুশি ব্যবসায়ীরা
×

ঈদে প্রতিদিন কয়েক হাজার লোক ঘুরতে আসছেন। ছবি: ইউছুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ১৭:১৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ | ১৮:৫০

সিলেটে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। এ কারণে বেশির ভাগ হোটেল-রিসোর্ট এখন অতিথিতে পূর্ণ রয়েছে। ব্যবসায়ীরা এবারের ঈদের দীর্ঘ বন্ধে ব্যবসা হওয়ায় অনেকটা খুশি। 

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুরে রয়েছে বেশ কিছু পর্যটন এলাকা। এসব এলাকায় প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। গোয়াইনঘাটে জল-পাথর-পাহাড়ের মিতালির বিছনাকান্দি, প্রকৃতিকন্যা জাফলং, দ্বিতীয় সুন্দরবন হিসেবে খ্যাত দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল, মায়াবী সৌন্দর্যের মায়াবন, বিস্তীর্ণ ঝর্ণাধারার পাংথুমাই।

জৈন্তাপুরে আছে ‘নীলনদ’ খ্যাত সবুজ জলের লালাখাল, ঐতিহাসিক মেগালিথিক পাথর ও ঐতিহ্যের স্মারক জৈন্তিয়া রাজবাড়ি।

সীমান্তবর্তী আরেক উপজেলা কানাইঘাটে রয়েছে প্রকৃতির আশ্চর্যময় সৌন্দর্যের লীলাভূমি লোভাছড়া, চা বাগান, শতবর্ষী ঝুলন্ত ব্রিজ, পাথর অঞ্চল, হাতি নিয়ে চলা মাহুত, চা পাতার প্রক্রিয়াজাতকরণ এলাকা।

সিলেটের আরেক সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে রয়েছে পর্যটন এলাকা সাদা পাথর। সাদা পাথর থেকে বাংলাদেশের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্যও সহজেই অনুধাবন করা যায়। 

এসবের বাইরে সিলেটের পর্যটনকেন্দ্র শ্রীপুর, ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ বৃহৎ হাকালুকি হাওর, সিলেট শহরতলির লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগান, ঘন সবুজ অরণ্যের খাদিমনগর জাতীয় উদ্যান, সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার, ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ, আলী আমজাদের ঘড়ি, কোথাও খালি নেই। ব্যস্ততা দেখা গেছে রেস্তোরাঁগুলোতেও। পর্যটকের সমাগমে খুশি এখানকার পর্যটন ব্যবসায়ীরাও।

জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া বলেন, ‘ঈদ উপলক্ষে জাফলংয়ে অনেক পর্যটক বেড়াতে এসেছেন। ব্যবসায়ীদের বেচাকেনাও ভালো হয়েছে।’ তিনি বলেন, ‘এখানকার কোনো হোটেল-রিসোর্টেই এখন কক্ষ খালি নেই। আগামী কয়েক দিন পর্যটক সমাগম বেশি থাকবে বলে আশা করছি।’

কোম্পানিগঞ্জের সাদাপাথরে আসছেন হাজার হাজার পর্যটকরা। ঈদের বন্ধে বিপুল পর্যটকদের ঢল নেমেছে সাদা পাথরের রাজ্যে।
 
সাদাপাথরে আসা ফেনীর ব্যাংকার রাইসুল ইসলাম জানান, বেড়াতে আসলাম। এখন অনেক ভাল লাগছে। এই পরিবেশ অপরূপ। যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে। সাদাপাথরের ধলাই নদীর শীতল স্পর্শ মনকে চাঙ্গা করে দিয়েছে। সত্যিই অসাধারণ জায়গা। 

পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পরিদর্শক আখতার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সাদাপাথরে এই ঈদে প্রতিদিন কয়েক হাজার লোক ঘুরতে আসছেন। আমাদের কয়েকটি টিম সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। পর্যটকরা স্বাচ্ছন্দে ঘুরাফেরা করছেন। 

এদিকে জাফলংয়ে কয়েকজন নারী পর্যটককে যৌন হয়রানি করায় এক তরুণকে দুই বছরের কারাদণ্ড ও দুই কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ১২ এপ্রিল বিকেলে জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তরুণ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের অহিদুর রহমানের ছেলে জাহিদুর রহমান (২১)। বাকি দু’জন কিশোর হওয়ায় তাদের মুচলেকা রেখে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি, জাফলং এরিয়া) মো রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×