ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
×

গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত । ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৮:২৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ১৯:৪৭

নওগাঁয় পল্লী বিদ্যুতের ঠিকাদার সাজ্জাদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় মোশাররফ হোসেন শান্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাতজনের নামে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী সাজ্জাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রোববার রাতে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে সোহরাওয়ার্দী নামে এক দোকানিকে মারধর করেন শান্ত ও তাঁর অনুসারীরা। এ সময় বাধা দিলে তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ঠিকাদার সাজ্জাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ধারালো হাঁসুয়া দিয়ে সাজ্জাদের মাথায় কোপ দেয়। তাঁকে বাঁচাতে তাঁর ছেলে হৃদয় ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। ঘটনাটি ঘটে ওই সড়কে চলাচলকারী শত শত মানুষের উপস্থিতিতেই। তাদের কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর গা-ঢাকা দেয় শান্ত ও তাঁর অনুসারীরা। দুপুরে পুলিশের অভিযানে শান্তকে গ্রেপ্তার করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, ভিডিও দেখে অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তাদের মধ্যে প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

সাজ্জাদ হোসেন বলেন, অন্যায়ের প্রতিবাদ করলে শান্ত আমার পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান্ত ও তার সঙ্গে থাকা ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে কোপাতে থাকে। তারা আমার ছেলেকেও বেদম মারধর করেছে। পরে থানায় মামলা করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে মামলা করেছি। আমি ন্যায় বিচার চাই।


 

আরও পড়ুন

×