ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামিনে বেরিয়েই বাদীকে হত্যা

জামিনে বেরিয়েই বাদীকে হত্যা
×

পলাশবাড়ী থানা। ফাইল ছবি

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ২৩:৩৪

গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির মামলায় কারাগারে গিয়েছিল খলিল ফকির। কয়েক দিন আগে জামিনে মুক্ত হয় সে। বুধবার রাতে মামলার বাদী রাহিদুল ইসলাম বাবুকে (৩২) সহযোগীদের নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে খলিলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। 

বাবু পলাশবাড়ী উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। আর আসামি খলিল ফকির একই উপজেলার আমলাগাছি গ্রামের দবির ফকিরের ছেলে।

নিহতের স্বজন জানান, বুধবার রাত ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি-ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় আসামি খলিলের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবুকে আহত করে। রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়। তাদের অভিযোগ, গরু চুরির মামলা করায় বাবুকে হুমকি দিয়ে আসছিল আসামিরা। এ মামলায় কারাগারে থাকা খলিল কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসে। খলিলের নেতৃত্বে আসামিরা বাবুকে হত্যা করেছে। 

পলাশবাড়ী থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ওয়ারেছ নামে এক আসামিকে আটক করা হয়। দুপুরে হত্যা মামলা শেষে তাকে আদালতে পাঠানো হয়। আর বিকেলে এজাহারনামীয় আরেক আসামি খলিল ফকিরের ছেলে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। খলিলসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন

×