সিলেটে মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা, গরমে ‘মাথা ঘুরে’ পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২৪ | ১৭:০৬ | আপডেট: ১৬ মে ২০২৪ | ১৮:১৩
সিলেটে গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমে সর্বোচ্চ।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৩টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। ৪টার দিকে সামান্য বৃদ্ধি পায়। তবে অনুভব ছিল এর চেয়ে বেশি।
এ দিকে আজ দুপুরে গরমের কারণে নগরের জিন্দাবাজার এলাকার সিলেট সিটি সেন্টারের সামনে মাথা ঘুরে পড়ে মারা যান শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।
শফিকুল সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ জানান, মাথা ঘুরে শফিকুল পড়ে যান। পর তার মাথায় পানি ঢালা হয়। তার মোবাইল ফোন থেকে নাম্বার নিয়ে তার এক স্বজনকে বিষয়টি জানানো হয়। পরে তারা তাকে নিয়ে যান।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ‘হিট স্ট্রোকে’ নাকি অন্য কারণে তিনি মারা গেছেন তা বলা যাচ্ছেনা। ইসিজি করে কিছু পাওয়া যায়নি।
সারাদেশে যখন তীব্র তাপদাহ চলছিল তখন সিলেটের আবহাওয়া ছিল স্বাভাবিক। গত কয়েকদিন ধরে দেশের আবহাওয়া স্বাভাবিক হয়ে এলে সিলেটে তাপমাত্রা বাড়তে থাকে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩৪ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। আজ বৃহস্পতিবার বিকেলে ৩৭ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয়। অনুভূতি ৪৪ এর উপর। তীব্র গরমের কারণে সিলেট স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাটে যানবাহনও রয়েছে কম।
- বিষয় :
- সিলেট
- তাপপ্রবাহ
- হিট স্ট্রোক
- নিহত
