ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পারিবারিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার

‘গুলিতে’ কলেজছাত্র নিহত

‘গুলিতে’ কলেজছাত্র নিহত
×

ফরিদ আহমেদ। ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৪ | ০৬:৩৮

গাজীপুরে পারিবারিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তের ‘গুলিতে’ ফরিদ আহমেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মুলাইদ মাটির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফরিদ উজিলাব গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফরিদের ওপর হামলা চালায় তার প্রতিপক্ষ। 

ফরিদের বন্ধু সুমন মিয়া অভিযোগ করেন, উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বন্ধুদের সঙ্গে ফরিদ শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মুলাইদ মাটির মসজিদ এলাকায় আসেন। সেখানে পৌঁছালে ৫০-৬০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি ফরিদের শরীরে লাগে। পরে গুলিবিদ্ধ ফরিদকে পিটানো হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

সুমন দাবি করেন, হামলায় নেতৃত্ব দেন মামুন ফকির। ওই দলে আরও ছিলেন সাকিব, মারুফ ও মাহফুজ। হামলার সময় সাকিব গুলি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘মৃত অবস্থায় ফরিদকে হাসপাতালে আনা হয়। ফরিদের সঙ্গে যারা ছিলেন তারা জানিয়েছেন, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু আমরা দুইটি আঘাতের চিহ্ন পেয়েছি। বাঁ চোখ ও বাঁ হাতে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা তা এ মুহূর্তে বলতে পারছি না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান সমকালকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×