চকরিয়ায় জবাই করে গরু চুরি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:৪৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:৫৮
চকরিয়ায় গরু চোর সিন্ডিকেট চুরির ধরন পাল্টিয়েছে। আগে জীবিত চুরি করে নিয়ে গেলেও এখন গরু জবাই করে নাড়িভুঁড়ি ফেলে দিয়ে গরুর মাংস নিয়ে যাচ্ছে।
এ ঘটনা ঘটেছে চকরিয়ার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের নির্জন পাহাড়ী এলাকায়।
জানা যায়, শনিববার রাতে পূর্ব কাকারা গ্রামের মোহাম্মদ হোছেনের পুত্র মোসলেহ উদ্দিনের দুইটি ও নুরুল কবিরের পুত্র মোহাম্মদ ইউনুছের একটি গরু এবং পাহাড়তলীর শফি উল্লাহর পুত্র আলী আহমদের একটিসহ মোট চারটি গরু চুরি হয়। চোরেরা চিরিংগা মানিকপুর সড়কের আমান উল্লাহর ঘোনা নামক স্থানে গিয়ে চারটি গরু পা বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু গরুগুলো গাড়িতে তুলতে ব্যর্থ হয়ে আলী আহমদের এক লাখ টাকা মূল্যের গরুটি জবাই করে নাড়িভুঁড়ি ফেলে দিয়ে গরুর মাংস নিয়ে পালিয়ে যায়। গরুর মালিকেরা গরু খুঁজতে গিয়ে তিনটি গরু পা বাঁধা অবস্থায় উদ্ধার করলেও একটি গরু জবাই করে নাড়িভুঁড়ি ফেলে পুরো মাংস নিয়ে যাওয়ার আলামত খুঁজে পায়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়ায় গরু চোর আতঙ্কে কৃষকরা চরম হতাশায় ভুগছে।
৯নং ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- চকরিয়া
- গরু চোর
- পাহাড়তলী গ্রাম
- গরুর মালিক