উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান
ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৪ | ২২:৪৩
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। শনিবার রাতে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। এ অবস্থায় বাগেরহাট উপকূলের জনসাধারণকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানাতে শুরু করেছে জেলা প্রশাসন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জেলায় মোট ৩৫৯ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যায় বাগেরহাট উপকূলে আঘাত হানতে পারে। আগামীকাল রোববার দুপুরের ভেতর সকলে যাতে আশ্রয় কেন্দ্রে যায় সে লক্ষ্যে মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। আগামীকাল সকাল থেকে স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগিতা করবেন। দুপুরের ভেতর সবাই যাতে আশ্রয়কেন্দ্রে যায় সেজন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া নগদ অর্থ শুকনো খাবার ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ ক্রমেই উপকূলের দিক অগ্রসর হচ্ছে। বর্তমানে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। রাতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
- বিষয় :
- ঘূর্ণিঝড়
- ঘূর্ণিঝড় রেমাল
- আশ্রয়কেন্দ্র
